তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ নিশ্চিত করতে একজন পোশাকশ্রমিকের মাসিক মজুরি হওয়া প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।
গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য মজুরির তিনটি স্তর নির্ধারণ করেছে সিপিডি। প্রথম স্তরে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম বেতন হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এই পরিমাণ মজুরিতে শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নতি হবে না, কেবল আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।দ্বিতীয় স্তরে চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম ব্যয় মেটাতে একজন আয়কারীর মাসিক আয় ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। আর মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয় রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।সংবাদ সম্মেলনে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করছে সিপিডি।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে মজুরি নির্ধারণে কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা সংঘাতময় পরিস্থিতি তৈরি করা উচিত নয়। বরং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের পর তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠনের প্রচলিত পদ্ধতি দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান করে না।উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরবর্তী সময়ে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। ওই বোর্ডে শ্রমিকপক্ষ থেকে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মালিকপক্ষ এখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেয়নি।
মজুরি নির্ধারণ নিয়ে দুই পক্ষের অবস্থান ব্যাখ্যা করে নাজনীন আহমেদ বলেন, মালিকপক্ষ উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কথা তুলে ধরছে। এসব কারণে বাড়তি মজুরির চাপ বহন করা তাদের জন্য কঠিন বলে দাবি মালিকদের। অন্যদিকে শ্রমিকদের বক্তব্য, খাদ্য ও বাসস্থানের ব্যয় যেভাবে বেড়েছে, তাতে জীবনযাপনের প্রয়োজনীয় খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সময়ের সঙ্গে শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরি নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। এমন মজুরি প্রয়োজন, যাতে শ্রমিকেরা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। এ ক্ষেত্রে শুধু তাৎক্ষণিক পরিস্থিতি নয়, বৃহত্তর লক্ষ্যও বিবেচনায় নেওয়া জরুরি।সিপিডি ‘দর-কষাকষি’র পরিবর্তে দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার মাধ্যমে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের পক্ষে মত দিয়েছে।
পোশাক খাতে স্থায়ী শ্রমিক-শান্তি বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে বেশ কয়েকটি সুপারিশ করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে, মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন, আবেগ বা চাপের পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মজুরি নির্ধারণ এবং শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও আয়কারীর সংখ্যা বিবেচনায় নেওয়া।এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ড যার মধ্যে মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতা রয়েছে—পরিমাপের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়নের সুপারিশ করেছে সিপিডি। আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য দেওয়া এবং শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য সংগ্রহের নীতিতে পরিবর্তন আনার কথাও বলেছে সংস্থাটি।
সিপিডির মতে, ২০২৯ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারগুলোতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে পোশাক কারখানায় শোভন কাজের পরিবেশ এবং শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করতে হবে।

