১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আচার্য বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বাসটি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা বাসটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্মারক হিসেবে ক্যাম্পাসে সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তবে এসব দাবির মধ্যেই বাসটি নিলামে বিক্রি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।জানা যায়, গত রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরোনো তিনটি নন-এসি বাস, বিভিন্ন সাইজের পুরোনো টায়ার-টিউব ও লোহালক্কড় বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীর স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে এসব মালামাল বিক্রির তথ্য জানানো হয়। নিলামে বিক্রি হওয়া তিনটি বাসের মধ্যে বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া প্রথম বাসটিও ছিল।
এর আগে ২০২৪ সালে বাসটি নিলামে বিক্রির সিদ্ধান্তের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হিসেবে প্রধান ফটকের সামনে ভাস্কর্যের আদলে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। এ দাবিতে তারা গণস্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপিও তৎকালীন উপাচার্য বরাবর জমা দেন। তবে বাসটি স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হলে এর বিনিময়ে নতুন বাস পাওয়া যাবে না বলে জানিয়েছিল প্রশাসন।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বাসটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকলেও এটি তাদের কাছে আবেগের বিষয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বাসটি সংরক্ষণ করা প্রয়োজন ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আলী বলেন, “আজকে নাকি বিশ্ববিদ্যালয়ের পুরাতন বাসগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সময়কার একটি বাস স্মৃতি হিসেবে রেখে দিতে পারতেন প্রশাসন মহোদয়। এর আগে একবার পুরাতন বাসগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কারণে তা করতে পারেনি। নিলামে তিনটি বাসের ভেতর একটি বাস অন্তত স্মৃতি হিসেবে রাখুক।”
এদিকে বাসটি নিলামে বিক্রির ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বুধবার (১৮ নভেম্বর) সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসটির নিলাম বাতিল করে যথাযথ মর্যাদায় ক্যাম্পাসে সংরক্ষণের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বেগম খালেদা জিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাসটি উপহার দিয়েছিলেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইবিকে দেওয়া এটিই ছিল বেগম খালেদা জিয়ার প্রথম উপহার। বাসটি নিলামের মাধ্যমে বিক্রির খবর তাদের গভীরভাবে ব্যথিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাসটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আবেগ, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। এমন একটি ঐতিহাসিক ও আবেগঘন স্মারক নিলামে বিক্রি করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। ঐতিহ্য রক্ষার স্বার্থে অবিলম্বে বাসটির নিলাম প্রক্রিয়া বাতিল করে যথাযথ মর্যাদায় ক্যাম্পাসে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী বলেন, শিক্ষার্থীদের এ দাবি সম্পর্কে তিনি অবগত নন। তবে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই বাসগুলো বিক্রি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস সংকটের বিষয়ে ইউজিসিকে জানানো হয়েছে। আগামী বছরের বাজেটে এ বিষয়ে বরাদ্দ পাওয়া যেতে পারে।