রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল কার্যালয়ে হামলা চালায়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয় থাকা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে ভবনের প্রবেশপথে কাচের দরজা থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়। পাশাপাশি লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক অবস্থানে ছিলেন। এ পরিস্থিতিতে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। হামলার সময় তারাও ওই ভবনে ছিলেন।মামুন পাটোয়ারীর ভাষ্য অনুযায়ী, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তাদের হাতে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ছিল। তারা কার্যালয়ে অবস্থানরত ব্যক্তিদের ওপর আক্রমণ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তারা।
ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও বেশ কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন কার্যালয়ের দপ্তর সম্পাদক।
তার দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন মামুন পাটোয়ারী। হামলার পর ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন বলেও জানান তিনি।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। সেখান থেকে দুয়েকটি ইটপাটকেল ছোড়া হয়ে থাকতে পারে।
কাফরুলে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
এদিকে, একই দিন সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন।
পরে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসেন তারা।এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। তাদের ধাওয়া দিলে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। পরে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।দুটি ঘটনাকে ঘিরে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলার সঙ্গে কাফরুলের শ্রমিক-বিএনপি সংঘর্ষের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।