কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না এবং গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পুনরুত্থানের সুযোগ হবে না। আগামী ডিসেম্বরের শেষেই বিষয়টি প্রমাণিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন আবিদুল ইসলাম খান।
পোস্টে তিনি আরও বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। অভিযুক্তদের শাস্তি প্রসঙ্গে তিনি কঠোর ভাষায় মন্তব্য করেন এবং তাদের পরিণতি হিসেবে ফাঁসির কথা উল্লেখ করেন।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আবিদুল ইসলাম লেখেন, যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল, তখনই শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছিলেন। বর্তমানে জনগণ ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের পরাস্ত করতে পারে।
দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না বলেও পোস্টে উল্লেখ করেন।
আবিদুল ইসলাম তার পোস্টে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সব সময় প্রস্তুত রয়েছে।তার এই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, গণহত্যার বিচার এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে কঠোর রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে।