যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পরপরই ইরানের কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করছে। ফলে দেশটিতে মার্কিন সামরিক স্থাপনাকে ঘিরে এ হামলার দাবি নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।
এদিকে নিজেদের সেনা ও সামরিক সম্পদের ওপর ইরানের আগ্রাসনের অভিযোগ তুলে কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দ্বীপটির হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, কেশমের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে।তবে ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, হামলায় কোনো আবাসিক, বাণিজ্যিক কিংবা সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।এ ঘটনায় নিন্দা জানিয়েছে মিশর। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।