রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পল্লবীতে পুড়ে গেছে একটি বাস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পল্লবী থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, একই রাতে সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান দুটি বাসে আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী ও মহাখালী—দুই জায়গাতেই ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
একই রাতে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পল্লবীর ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। অন্যদিকে মহাখালীর অগ্নিসংযোগের বিষয়টিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট থানা পুলিশ।