নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় অবৈধ দখলে থাকা ২৩ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধারকৃত জমিতে সরকারি মালিকানার লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকারের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজার প্রায় ২৩ একর সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে জমিটি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং সীমানা নির্ধারণ করে লাল নিশান ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার জানান, সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় ২৩ একর জমি দখলমুক্ত করে লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কেউ পুনরায় এই জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এবং সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।