জোরপূর্বক অন্যের ফসলি (ধানের) জমি দখল ও কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৈদ্যের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল-আমিন সরকারের ভাই আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকারের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস ও ড্রেজার মেশিন অকেজো করে দেয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় মামলাকৃত ও ফসলি জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ফয়েজ সরকার। শুধু তাই নয় প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন পঞ্চবটী কবরস্থান থেকে হামছাদী পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজে বালু ফেলার ঠিকাদারি কাজ । জানা যায়, নামমাত্র মূল্যে জমি কেনার কথা বলে স্থানীয়দের ফসলি জমি দখল করে সেখান থেকেই বালু উত্তোলন করছিলেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বর্তমানে আত্মগোপনে থাকলেও তার ভাই ফয়েজ সরকার এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখলসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়, ভাইয়ের অবর্তমানে ফয়েজ সরকার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনায় আর্থিক জোগান এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে কাজ করছেন।
এদিকে, অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পেয়ে মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকারের নেতৃত্বে পঞ্চবটী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রায় ৩০০ মিটার পাইপ বিনষ্ট এবং ড্রেজার মেশিন অকেজো করে অপসারণ করা হয়। এসময়
অভিযানের খবর টের পেয়ে অভিযুক্ত ফয়েজ সরকার ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক বা অর্থদণ্ড দেওয়া সম্ভব হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।