টেস্টের তৃতীয় দিনের শুরুতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সকালের অনুকূল পরিবেশে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকলেও তা কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।তবে ঘণ্টা দেড়েক পর পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন বাভুমা।
৪৯ রানে ব্যাট করার সময় রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান তিনি। যদিও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চোটের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে, চোট খুব বেশি গুরুতর নয়। ইনিংসের শেষ দিকে আবারও ব্যাটিংয়ে ফিরতে পারেন প্রোটিয়া অধিনায়ক।বাভুমার বিদায়ের পর উইয়েন মুল্ডার ক্রিজে এলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
৮৬তম ওভারে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার।পরের ওভারেই আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন। টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার।এরপর উইকেট শিকারের তালিকায় যোগ দেন হাসান মাহমুদ। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে আরও চাপ তৈরি করেন তিনি।
তাসকিন ও হাসানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ রানের ব্যবধানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এতে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।
৮৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৭৬ রান। বাংলাদেশের চেয়ে এখনো ২৪ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। হাতে আছে আর মাত্র তিন উইকেট।