গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় তিন জেলায় মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।তিনি জানান, মোতায়েন করা সদস্যদের মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন দায়িত্ব পালন করছেন।নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও কেপিআইভুক্ত স্থাপনাগুলোতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের স্থির দায়িত্ব বা স্ট্যাটিক ডিউটিতে রাখা হয়েছে। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছেন তারা।
মো. নাজমুস সাকিব বলেন, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন ঠেকাতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।তিনি আরও জানান, মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে।তিন জেলায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার সদস্যদের এ মোতায়েন কার্যক্রম অব্যাহত রয়েছে।