রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। আগামীকাল এ মামলার রায় ঘোষণা করবেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত জানা যাবে।সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। শুনানি শেষে আদালত আগামীকাল রায় ঘোষণার দিন ধার্য করেন।
এর আগে মাত্র ১৯ দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে গত ৭ জুন রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে মামলার প্রধান আসামি প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।মামলার নথি ও এজাহার অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২০ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় প্রতিবেশী সোহেল, তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করা হয়।
তদন্ত ও মামলার বিবরণে বলা হয়, সোহেল শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে গলা কেটে হত্যা করে এবং অপরাধের আলামত গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা চালায়।ঘটনার পাঁচ দিন পর, ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ করা হয়।
অভিযোগপত্র জমার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আইন অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এ প্রক্রিয়াই ডেথ রেফারেন্স নামে পরিচিত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা জেল আপিল বা নিয়মিত আপিল করতে পারেন। এসব আবেদন ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে রামিসা হত্যা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া।