মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। জনপ্রতি স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। সোমবার (১৬ নভেম্বর) থেকে মালয়েশিয়ার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ৩১ অক্টোবর মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। কর্মীদেরও ৮ হাজার টাকার বেশি না দিতে এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।এ ছাড়া কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ পাঠানো যাবে secretary@probashi.gov.bd ই-মেইল ঠিকানায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।