স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রবিবার বিকেলে তার হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষার ফলাফলে হৃদযন্ত্রে তিনটি ব্লকের অস্তিত্ব পাওয়া যায়।পরিবারের এক সদস্য জানিয়েছেন, রবিবার বিকেলে মন্ত্রীর হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। এ সময় তিনি মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ওই সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই স্বাস্থ্যমন্ত্রী নিজ দেশে এবং দেশের হাসপাতালেই চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।মন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।তবে এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে ভিন্ন তথ্য জানানো হয়েছিল। শনিবার রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। এতে তার শারীরিক কোনো জটিলতা পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়। রোববার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেছিল মন্ত্রণালয়।
অন্যদিকে, হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করার পর মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।