কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়া বাজার থেকে যশোদল ইউপি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কিশোরগঞ্জ-এর বাস্তবায়নে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হয়।
১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ (২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জালিয়া বাজার-যশোদল ইউপি সড়ক (চেইনেজ: ০০-৫০৪০ মিটার) শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি। সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় এলাকার সাধারণ মানুষ, কৃষক ও যাতায়াতকারীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।