দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এর আগে কয়েক দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। সময়ের সঙ্গে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার ও সোমবারও আবহাওয়ার একই পরিস্থিতি বজায় থাকতে পারে। এ দুই দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মঙ্গলবারও সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।তবে বুধবার থেকে আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।