ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে প্রত্যর্পণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ ভারতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনা করবে। তারা যেভাবে এগোতে চান, সে ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে না। প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই যথাযথ পদক্ষেপ নেবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হয়েছে। এখন পরবর্তী করণীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।দেশে ফেরার পর শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার বিষয়টি একটি আইনসম্মত প্রক্রিয়া।
আইনমন্ত্রী আরও বলেন, এ ধরনের মামলায় আপিল বিভাগে বিলম্ব ঘটানোর আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে সে ধরনের সুযোগ রাখা হয়নি। তার দাবি, সংশ্লিষ্ট আইনটি তারাই প্রণয়ন করেছিলেন।এ সময় সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির মৌলিক অধিকারের দাবিদার হওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। আইনমন্ত্রী এটিকে তৎকালীন সরকারের প্রণীত বিধান হিসেবে উল্লেখ করেন।