পাকিস্তানশাসিত কাশ্মীরে (পিওকে) সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, গত ৫ নভেম্বরের ওই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা পাঁচ এবং আহত হয়েছেন ১৮ জন।
ঘটনাটি ঘিরে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ আরও তীব্র হয়েছে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলন নিরসনে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। অভিযোগ সত্য হলে, পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের ঘটনা এটিই প্রথম।
এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করেছিল। পরবর্তী সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানের বিদ্রোহ দমনে ড্রোন ব্যবহার করে।গত ছয় মাসে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের সম্পর্কের অবনতি হয়েছে। ২০২২ সাল থেকেই অঞ্চলটিতে অসন্তোষ চলছিল। তবে চলতি বছরের জুন থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা আন্দোলনকে আরও বিস্তৃত করেছে। রাওয়ালাকোট থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অঞ্চলটির ১০টি জেলায়।
গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন। তবে গত সেপ্টেম্বরে জাতিসংঘের ছয়জন বিশেষ প্রতিবেদকের পাকিস্তান সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ৯৬ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।গত ৮ নভেম্বর জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেকেজেএএসি) রাওয়ালাকোট, মুজাফফরাবাদ, মিরপুর ও কোটলিসহ বিভিন্ন এলাকায় ধর্মঘটের ডাক দেয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর গুলি বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার আহ্বান জানায় সংগঠনটি। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। এর আগে ২০২৫ সালের অক্টোবর ও ২০২৬ সালের মে মাসে কয়েক দফা আলোচনা হলেও আন্দোলনকারীদের মূল দাবিগুলো নিয়ে সমঝোতা হয়নি।
আন্দোলনের অন্যতম প্রধান দাবি হলো পাকিস্তানের বিভিন্ন প্রদেশে থাকা ১২টি ‘শরণার্থী আসন’ বিলুপ্ত করা। ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে যাওয়া শরণার্থীদের জন্য এসব আসন নির্ধারণ করা হয়েছিল। প্রতিটি আসনে প্রায় ৪০ হাজার ভোটার থাকলেও নির্বাচিত প্রতিনিধিদের অনেকের সঙ্গে পাকিস্তানশাসিত কাশ্মীরের সরাসরি সম্পর্ক নেই। অথচ অঞ্চলটির প্রায় ৪৫ লাখ মানুষের জীবনযাত্রা ও প্রশাসনিক সিদ্ধান্তে তাঁদের প্রভাব রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিনিধি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার স্বার্থ রক্ষা করেন।
২০২৬ সালের নির্বাচনও নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে তিন ধাপে ভোট অনুষ্ঠিত হয়। সাতটি আসনের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে প্রত্যাখ্যাত ইফতিখার জিলানিকে মনোনীত সদস্য হিসেবে আইনসভায় অন্তর্ভুক্ত করার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এ ঘটনায় নির্বাচনী সংস্কারের দাবিতে ক্ষোভ আরও বাড়ে।