সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ০১:৩৩ পিএম
নন্দিত টিভি
টেস্টে ৭ হাজার রানের মাইলফলক, বাংলাদেশের প্রথম মুশফিক

টেস্টে ৭ হাজার রানের মাইলফলক, বাংলাদেশের প্রথম মুশফিক

watermark
অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে নিজের নবম রান নেওয়ার মধ্য দিয়ে এই কীর্তি গড়েন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

সিলেট টেস্ট শুরুর আগে ৭ হাজার রানের মাইলফলক থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হওয়ায় অপেক্ষা আরও দীর্ঘ হয়। তবে দ্বিতীয় ইনিংসে ধৈর্য ধরে ব্যাটিং করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান তিনি।প্রায় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৭ ম্যাচের ১৯৭ ইনিংসে ৭ হাজার রান পূর্ণ করলেন মুশফিক। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি গড়া ৫৯তম ব্যাটার তিনি। ৩৯.১০ গড় নিয়ে মাইলফলকে পৌঁছানোর পথে মুশফিকের রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি অর্ধশতক।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মুশফিকের এই অর্জন আরও তাৎপর্যপূর্ণ,


কারণ দেশের আর কোনো ব্যাটার এখন পর্যন্ত ৬ হাজার রানও করতে পারেননি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুমিনুল হক। ১৫২ ইনিংসে তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।তৃতীয় স্থানে থাকা তামিম ইকবাল ১৩৪ ইনিংসে করেছেন ৫ হাজার ১৩৪ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন কেবল এই তিনজন।শুধু মোট রানের দিক থেকেই নয়, সেঞ্চুরির হিসাবেও দেশের টেস্ট ক্রিকেটে সবার ওপরে মুশফিক। তাঁর ব্যাট থেকে এসেছে ১৪টি শতক। মুমিনুল হকের সেঞ্চুরি ১৩টি এবং তামিম ইকবালের ১০টি।দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মুশফিকের এই অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে।


ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট