সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
নন্দিত টিভি
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

watermark
Nondito TV Admin

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশি পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তাঁর দাবি, শেখ হাসিনা এখন যা করছেন, তা মূলত রাজনৈতিক স্টান্টবাজি। তিনি আর বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন এই আইনজীবী।

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে বিষয়টি সামনে আসে।

ওই চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন করে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তাঁরা।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তাঁর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

তবে তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশে ফেরার পরিকল্পনা নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট