সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম
নন্দিত টিভি
ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

watermark
Nondito TV Admin

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) করা এই আবেদনের বিষয়টি সামনে এসেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের কাছে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে জানানো হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।

দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি ইস্যুর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

এদিকে, বিষয়টি নিয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সাংবাদিকেরা নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী মঙ্গলবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। সংবাদ সম্মেলনে মূলত কপ-৩১ সম্মেলন নিয়েই আলোচনা হচ্ছে। শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে চলে যান এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন।

পরবর্তী সময়ে ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে আছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনার খবর বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তাঁর দেশে ফেরার উদ্যোগ বাস্তব রূপ পেলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমটি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট