রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৪ পিএম
নন্দিত টিভি
প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা

প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা

watermark
অনলাইন ডেস্ক

নতুন শিক্ষাবর্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ এক হাজার ৯৫০ টাকা ব্যয় ধরা হয়েছে।

রোববার ৮ নভেম্বর সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, স্কুল ড্রেসের জন্য ৬০০, ব্যাগে ৬০০, জুতায় ৭০০ এবং মোজার জন্য ৫০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে দরপত্রের মাধ্যমে কেনাকাটার সময় ব্যয় আরও কমানোর চেষ্টা করা হবে।

পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বা পিইডিপি-৫ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে এ উদ্যোগ। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৮৭ কোটি টাকা।

প্রতিমন্ত্রী জানান, প্রথম বছর শিক্ষাবর্ষের শুরুতেই সব উপকরণ দেওয়া সম্ভব নাও হতে পারে। তবে আগামী বছর থেকে পর্যায়ক্রমে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এক কোটির বেশি শিক্ষার্থীর পোশাক ও জুতার মাপ এবং মান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ছাড়া দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ জন্য একজন কর্মীর মাসিক সর্বোচ্চ বেতন ধরা হয়েছে পাঁচ হাজার টাকা।

বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে চালু থাকা মিড-ডে মিল কার্যক্রমও পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। রান্না করা খাবার ও খাবারের কুপন—দুটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর পর ফলাফল পর্যালোচনা করে দেশব্যাপী বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট