রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম
নন্দিত টিভি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

watermark
nonditotvnews

আজ ৭ নভেম্বর ২০২৬, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে সকাল ১১টায় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি উদযাপন করতে পারছি তা অত্যন্ত গৌরবের ও আনন্দের বিষয়।

উপাচার্য বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের নেতৃত্ব প্রদানসহ জেড ফোর্স গঠনের মাধ্যমে সম্মুখসমরে অংশগ্রহণ ছিল জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান।”তিনি আরো বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় সংকটের প্রেক্ষাপটে ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। এদিন সিপাহিরা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ৭ নভেম্বরের এই ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগের কথা উল্লেখ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং আপোসহীন নেতৃত্বের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উপাচার্য বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও জাতীয় ইতিহাস ও নেতৃত্বের অবদান নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর, শহীদ ও সেক্টর কমান্ডারের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা জাতীয় দায়িত্ব।তিনি বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চেতনাকে ধারণ করার অর্থ হলো জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে যথাযথভাবে স্মরণ ও মূল্যায়নের মধ্য দিয়েই একটি শক্তিশালী জাতীয় পরিচয় ও ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার প্রসঙ্গ উল্লেখ করে উপাচার্য বলেন, প্রতিষ্ঠার ২১ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টি নানা বঞ্চনা, সীমাবদ্ধতা ও প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধিপত্যবাদী মনোভাব ও সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদাপূর্ণ, সমৃদ্ধ ও সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এ ক্ষেত্রে ‘টিম জগন্নাথ’-এর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও গতিশীলতাকে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বক্তব্যের শেষে দেশের সার্বিক শান্তি, সম্প্রীতি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ১৯৭৫ সালের সংকটময় সময়ে দেশে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছিল। এমন এক পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব দেশকে সংকট উত্তরণে দিকনির্দেশনা দিয়েছিল। তাঁর আদর্শ, সততা, ন্যায়পরায়ণতা ও দূরদর্শী নেতৃত্বের চেতনা ধারণ করেই আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক শত্রুতা ও বিভেদ ভুলে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। শুধু কথায় নয়, বরং দৈনন্দিন কর্ম ও আচরণের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।আলোচনা সভাটি পরিচালনা করেন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ।এছাড়া আলোচনা সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও জবি সাদা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মোস্তফা হাসান, রসায়ন বিভাগের শিক্ষক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক এবং জবি সাদা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ বক্তব্য প্রদান করেন।এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট