শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০২:২৫ পিএম
নন্দিত টিভি
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

watermark
nonditotvnews

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। শোভাযাত্রায় অংশ নিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।দলীয় কর্মসূচি অনুযায়ী, দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাবেশ শেষে বিকেল ৩টায় তার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।এদিকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য নিয়েও বক্তব্য দিচ্ছেন।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আকরামুল হাসান বলেন, ৭ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে বিএনপির আবির্ভাবের অন্যতম ঐতিহাসিক ঘটনা। তার ভাষ্য অনুযায়ী, সেদিন সিপাহি-জনতার সম্মিলিত অবস্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জাগরণ ঘটেছিল।

তিনি বলেন, ৭ নভেম্বরের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হয়। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির প্রচলন করেন। অল্প সময় দেশ পরিচালনা করেও মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। আকরামুল হাসানের মতে, সেই রাজনৈতিক ধারাবাহিকতা আজও বহমান।৭ নভেম্বরের মূল চেতনা তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা এবং মানুষের কল্যাণে কাজ করাই এ দিনের প্রধান শিক্ষা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার রয়েছে বলেও জানান তিনি।অন্যদিকে, যুবদলের সাবেক সহসভাপতি এবং আশি-নব্বইয়ের দশকের ছাত্র আন্দোলনের কনভেনর আলী আকবর চুন্নু ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করেন।তিনি বলেন, ওই সময় সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা এবং একের পর এক পাল্টাপাল্টি অভ্যুত্থানের পর সাধারণ সিপাহিদের মধ্যে বিদ্রোহের সৃষ্টি হয়। একপর্যায়ে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট