শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ পিএম
নন্দিত টিভি
সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন

watermark
nonditotvnews

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, কোন ভিডিও ভাইরাল হচ্ছে তা খুঁজে বের করবেন, আর মাস শেষে পাবেন বেতন! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী চাকরির সুযোগ নিয়ে হাজির হয়েছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুয়িশ’।দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানটি এমন একজন কর্মী খুঁজছে, যার প্রধান দায়িত্ব হবে সারাদিন ইনস্টাগ্রাম স্ক্রল করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমটিতে কোন বিষয়গুলো ট্রেন্ড করছে, কী ধরনের কনটেন্ট ভাইরাল হচ্ছে, সেসব বিষয়ে প্রতিষ্ঠানকে নিয়মিত তথ্য দেওয়া।সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে চাকরির বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া তুলে ধরেন। ভিডিওতে প্রতিষ্ঠানের এক কর্মী জানান, তারা এমন একজনকে নিয়োগ দিতে চান, যিনি ইনস্টাগ্রামে সময় কাটাতে ভালোবাসেন এবং প্ল্যাটফর্মে কী জনপ্রিয় হচ্ছে, তা সহজেই শনাক্ত করতে পারেন।

অর্থাৎ যারা অবসর সময়ে ঘণ্টার পর ঘণ্টা ইনস্টাগ্রামে রিলস দেখে সময় কাটান, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি সুযোগ। কারণ এখানে শখের কাজই হবে পেশা, আর সেই কাজের বিনিময়ে মিলবে বেতন।চাকরিটিতে আগ্রহী উদয়পুরের প্রার্থীদের আবেদন করার পদ্ধতিও বেশ সহজ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত ভিডিওর মন্তব্যের ঘরে ‘হাই’ (Hi) লিখে কমেন্ট করলেই সরাসরি বার্তার মাধ্যমে আবেদন লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে।এ ছাড়া ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে থাকা লিংকের মাধ্যমেও আবেদন করা যাচ্ছে। আগ্রহীদের গুগল ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আবেদন ফরমে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। পাশাপাশি ফুলটাইম চাকরি নাকি ইন্টার্নশিপ করতে আগ্রহী, সেটিও নির্বাচন করতে হবে। এ ছাড়া পছন্দের পদ, বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতনের তথ্য উল্লেখ করার পাশাপাশি জীবনবৃত্তান্ত বা সিভি আপলোড করতে হবে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে।গত ৪ নভেম্বর প্রকাশিত নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি তিন লাখের বেশি মানুষ দেখেছেন। প্রতিষ্ঠানটির দাবি, আবেদন ফরম সংগ্রহের জন্য ইতোমধ্যে ১১ হাজারের বেশি মানুষ অনুরোধ জানিয়েছেন।এমন ব্যতিক্রমী চাকরির বিজ্ঞাপন ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও হাস্যরস। কেউ চাকরিটিকে ‘নিখুঁত চাকরি’ বলছেন, আবার কেউ একে আখ্যা দিচ্ছেন ‘স্বপ্নের চাকরি’ হিসেবে। অনেকে মজা করে প্রতিষ্ঠানটির কাছে নিজেদের নিয়োগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট