বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ পিএম
নন্দিত টিভি
সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ জনের ব্যাংক হিসাব জব্দ

সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ জনের ব্যাংক হিসাব জব্দ

watermark
nonditotvnews

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পপতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে পোশাক খাতকে অস্থিতিশীল করার কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আরও প্রায় ১২৫টি প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনবিআর সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে বলে জানা গেছে।এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত ও জব্দের কার্যক্রম চলছে। তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মীদের নাম রয়েছে।

জানা গেছে, এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিস্তারিত আর্থিক লেনদেনের ইতিহাসও চাওয়া হয়েছে।নজরদারিতে থাকা প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। পোশাক খাতকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টায় এসব প্রতিষ্ঠানের অর্থায়ন ছিল কি না, তা অনুসন্ধান করছে রাজস্ব কর্তৃপক্ষ।ব্যাংক হিসাব জব্দের নির্দেশ পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, নসরুল হামিদ ও তাজুল ইসলাম। এ ছাড়া তুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নামও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বর্তমানে কারাগারে রয়েছেন, আবার কেউ কেউ পলাতক আছেন।এ বিষয়ে এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকারের কয়েকটি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব শনাক্ত ও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোশাক খাতকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে।তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আর্থিক লেনদেন যাচাইয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট