বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৫ পিএম
নন্দিত টিভি
নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

watermark
Jewel Hossain

"নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে" বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

তিনি বলেন, রবীন্দ্রনাথ আমাদের জাতীয় জীবনের অনেক অংশের সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নানা ধরনের ন্যারেটিভ তৈরি করছে। আমার কোনো দোষত্রুটি থাকলে জীবদ্দশায় তা তুলে ধরে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। কোনো ব্যক্তিকে নিয়ে মৃত্যুর পর ন্যারেটিভ তৈরি না করে, বেচে থাকতেই তাকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া দরকার।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সন্ধ্যামালতী মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ শুধু আমাদের জাতীয় সংগীতের রচয়িতাই নয়, তিনি আমাদের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সূতিকাগার। তিনিই আমাদেরকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়েও একশ বছর পর এখনো সমালোচনা হচ্ছে। সমালোচনাকারী এই মহাপুরুষরা এতোদিন মুখে কুলুপ এঁটে ছিলেন কেন? ১০০ বছর পর এসব সমালোচনা চুলকানি ছাড়া আর কিছু নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। রবীন্দ্র সারথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অধ্যাপক ড. মো. হাবিব উল মাওলা প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তারিফুল ইসলাম।

আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট