বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:০০ পিএম
নন্দিত টিভি
নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ

নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ

watermark
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্যটি প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলাম বরাবর এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে নাহিদ ইসলামের দেওয়া ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই’—এমন বক্তব্যের উল্লেখ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বক্তব্যটি প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত নাহিদ ইসলামের ওই বক্তব্য আইনজীবীর দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যটি তাঁকে বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে আরও বলা হয়েছে, এমন বক্তব্য অমার্জনীয়। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষান্বিত হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্য করার মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার বক্তব্য জাতি আশা করে না। এ ধরনের বক্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট