বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম
নন্দিত টিভি
৪ কোটি মানুষের স্বাক্ষর চান এবি পার্টির মঞ্জু

৪ কোটি মানুষের স্বাক্ষর চান এবি পার্টির মঞ্জু

watermark
nonditotvnews

বর্তমান সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী রাজনৈতিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রাষ্ট্র মেরামতের জন্য নতুন করে একটি সনদ প্রণয়ন এবং তাতে চার কোটি মানুষের স্বাক্ষর নেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি পার্টি আয়োজিত ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণ-অভ্যুত্থানের তরুণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মজিবুর রহমান মঞ্জু বলেন, অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে উপহাস করে ‘এনজিওগ্রাম সরকার’ বলা হতো। একইভাবে অব্যবস্থাপনা ও অযোগ্যতার কারণে বর্তমান সরকারকে অনেকে ‘লন্ডনী-গো সরকার’ বলে অভিহিত করছেন।তিনি আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে গণ-অভ্যুত্থানের পাশাপাশি সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজনীয়তার কথা ড. মাহমুদুর রহমান অনেক আগেই বলেছিলেন। গণ-অভ্যুত্থান কিংবা নির্বাচনের মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়নি; বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে। তাঁর দাবি, সীমান্তের ওপারে থাকা ফ্যাসিবাদী শক্তি এ পরিস্থিতিতে উল্লসিত হচ্ছে।

সভাটি সঞ্চালনা করেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং দৈনিক ওয়াদা-এর সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। স্বাগত বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর তরুণদের বলা হচ্ছে, বিপ্লবের কাজ শেষ; এখন রাষ্ট্র নিয়ে চিন্তা না করে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। কোনো কোনো রাজনীতিবিদ বিপ্লবীদের ‘ফার্মের মুরগি’ বলেও তুলনা করছেন। তরুণদের অবদানকে যারা তুচ্ছতাচ্ছিল্য করছেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নেননি।তিনি বলেন, ১৭ বছর ধরে যে স্বৈরশাসনের অবসান ঘটানো সম্ভব হয়নি, তরুণেরা তা সম্ভব করেছেন। তাঁর ভাষায়, লক্ষ্মণ সেনের মতো দুপুরের খাবার ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী।

জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে তাজুল ইসলাম বলেন, প্রচলিত সংবিধান ও আইনি কাঠামোর মাপকাঠিতে জুলাই বিপ্লব সংঘটিত হয়নি; এটি ছিল আইনি সীমাবদ্ধতার ঊর্ধ্বে জনগণের অভ্যুত্থান। এখন বিভিন্ন পক্ষ ভাড়াটে লোক দিয়ে নানা ধরনের বয়ান তৈরির চেষ্টা করছে। আইন ও সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ অমান্য করা যাবে না। তাঁর ভাষায়, জুলাই সনদই আমাদের ‘রেড লাইন’।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের নেতা সাগর উদ্দিন, পুসাবের সংগঠক তালহা বিন আমীন, জুলাই ঐক্যের নেতা রিয়াদুস ইসলাম জুবা, জুলাই যোদ্ধা লাবিব, স্বাধীনতা সার্বভৌমত্বের সংগঠক সাইয়েদ আহমেদ সরকার, শহীদ সোহেল রানার ভাই আলভী নাবিল, জুলাই রেভ্যুলেশন ওয়াচের সংগঠক সানজিদ হাসান তানভীর, বৈষম্যবিরোধী কওমির সদস্যসচিব মাসুদুর রহমান জুনায়েদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সংগঠক ইফতেখার মাহমুদ, জুলাই সংগঠক নেছার উদ্দিন, শহীদ রাকিবের ভাই আমিন উদ্দিন, মঞ্চ ২৪-এর সংগঠক ইশরাত করিম অর্পিতা, দ্য রেড জুলাইয়ের সংগঠক রাসেল মাহমুদ এবং মুস্তাইন বিল্লাহ হাবীবি।এবি পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ও শাহাদাতুল্লাহ টুটুল, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন এবং খুলনা সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট