রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় দীর্ঘদিনের মাদকের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দুই দিনব্যাপী অভিযানে মাদক কারবারিদের অবৈধ স্থাপনা ও গোপন আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে।গত ১ ও ২ নভেম্বর টানা দুই দিন এ অভিযান পরিচালনা করা হয়।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ধলপুর সিটি পল্লী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে ও গোপনে মাদক কেনাবেচা চালিয়ে আসছিল। এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ঝুঁকিতে পড়ার আশঙ্কা ছিল।পুলিশ জানায়, এর আগেও ওই এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ফলে শুধু গ্রেপ্তারের মাধ্যমে মাদক ব্যবসা বন্ধ করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে মাদক বিক্রির স্পট ও কারবারিদের ব্যবহৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ডিএমপির ওয়ারী বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করে।অভিযানের পর নতুন করে যাতে সেখানে মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত পুলিশি টহলের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।ডিএমপির তথ্য অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মাদকসংক্রান্ত ৩৫টি মামলা হয়েছে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে তিনটি।একই সময়ে ওই এলাকায় ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।ডিএমপি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ধলপুর সিটি পল্লীসহ যেকোনো এলাকায় মাদক কারবারি ও তাঁদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।