লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা।বুধবার (৪ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নাজিরগোমানী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু আটক করে।
অন্যদিকে, ৪ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ধরলা বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু আটক করে।দুটি অভিযানে সর্বমোট ৭টি ভারতীয় গরু আটক করা হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার টাকা।তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।