মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ পিএম
নন্দিত টিভি
নাইজেরিয়ায় নির্বাচনি দায়িত্বে যাওয়ার পথে হামলায়, নিহত ৫ পুলিশ

নাইজেরিয়ায় নির্বাচনি দায়িত্বে যাওয়ার পথে হামলায়, নিহত ৫ পুলিশ

watermark
nonditotvnews

নাইজেরিয়ায় নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্য থেকে পার্শ্ববর্তী জামফারা রাজ্যে যাওয়ার সময় তাদের বহনকারী একটি বাসে অতর্কিত হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা।

সোকোতো-গুসাউ মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পাঁচ পুলিশ সদস্যের মরদেহ সোকোতোতে উসমানু দানফোদিও বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই পুলিশ সদস্যদের জামফারা রাজ্যে পাঠানো হচ্ছিল। জামফারা নর্থ সিনেটরিয়াল ডিস্ট্রিক্টের নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) প্রাথমিক ভোটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল তাদের ওপর।

পথে জামফারা রাজ্যের একটি গণপরিবহণের বাসে করে যাওয়ার সময় সশস্ত্র হামলাকারীরা তাদের গতিরোধ করে। এরপর বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় তারা। এতে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়।এ হামলার মধ্য দিয়ে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে এসেছে। অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই যানবাহনে হামলা চালায়, গ্রামাঞ্চলে আক্রমণ করে এবং মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে।বিশেষ করে জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযান চললেও হামলা ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট