মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম
নন্দিত টিভি
মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী

মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী

watermark
nonditotvnews

ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে সব শুভেচ্ছার মধ্যে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন চিত্রনায়ক ওমর সানী। মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’

স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর বিশেষ অবস্থানও তুলে ধরেছেন এই অভিনেতা। তাঁর পোস্টটি ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টেও স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘৩/১১/২৬ আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো। তোমার ফ্যান ক্লাবের আয়োজনে ইনশাআল্লাহ আমি থাকবো।’মৌসুমীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। আগামী বুধবার (৪ নভেম্বর) ঢাকার সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে। এ আয়োজন নিয়ে ওমর সানী লেখেন, ‘যেটা তোমরা চেয়েছো, আল্লাহ কবুল করুন। শুভ জন্মদিন মৌসুমী।’

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা জামান মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন। আজ ৫৩ বছরে পা রাখলেন তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনীত প্রথম সিনেমাতেই দর্শকের মন জয় করে নেন মৌসুমী।এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী। অভিনয়ের সূত্র ধরেই চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে পরিচয়, পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া মৌসুমীর জন্মদিনে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় মুখর হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট