সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ০১:০১ পিএম
নন্দিত টিভি
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের প্রথম আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

যবিপ্রবিতে এএসডিএস বিভাগের প্রথম আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

watermark
Jewel Hossain

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিভাগটির প্রথম কম্পিউটার ল্যাব হিসেবে স্থাপিত এ ল্যাবে শিক্ষার্থীদের জন্য রয়েছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ ও আধুনিক কনফিগারেশনের কম্পিউটার। পাশাপাশি উপাত্ত বিশ্লেষণ, ডেটা মাইনিং, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চর্চার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির যুগে উপাত্ত বিশ্লেষণ ও ডেটা সায়েন্সের চাহিদা বিশ্বব্যাপী। এই আধুনিক ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই অর্জন করবে না, বরং বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পারবে। এর মাধ্যমে তারা নতুন বাংলাদেশ গঠনে এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই ল্যাবের সুবিধা কাজে লাগিয়ে বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা ও বিভিন্ন প্রকল্পের কাজ আরও সহজে সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং এএসডিএস বিভাগের চেয়ারম্যান ড. মো. কুরবার আলী উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুনফটোকার্ডই-পেপার ব্রডশিট