সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
নন্দিত টিভি
ইউটিউবে নুসরাত ফারিয়া

ইউটিউবে নুসরাত ফারিয়া

watermark
nonditotvnews

অভিনয়ের পাশাপাশি এবার ইউটিউবের দুনিয়ায় পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের প্রতিদিনের জীবনযাপন ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সম্প্রতি চালু করেছেন ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত লাইফস্টাইল ব্লগ প্রকাশের পাশাপাশি নতুন গানও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তার।

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুসারীদের কাছে একটি প্রশ্ন রেখেছিলেন ফারিয়া। জানতে চেয়েছিলেন, তার প্রতিদিনের জীবনযাত্রা নিয়ে ব্লগ দেখতে আগ্রহী কি না ভক্তরা। এতে প্রায় ৯৯ শতাংশ অনুসারী ইতিবাচক সাড়া দেন। ভক্তদের এমন আগ্রহ দেখেই ইউটিউব চ্যানেল চালুর সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

ফারিয়া জানিয়েছেন, পর্দায় কিংবা মিডিয়ার চাকচিক্যের বাইরে তার সাধারণ জীবনযাপনও দর্শকদের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি নিয়মিত গান করছেন তিনি। তাই ভবিষ্যতে নিজের নতুন গানগুলোও ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তার।

তবে ইউটিউবে যাত্রা শুরু করলেও আপাতত প্রযোজনায় আসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ফারিয়া।

এদিকে বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এম এইচ খোকন পরিচালিত ‘লজ্জা’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। আগামী ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সিনেমাটিতে পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে ফারিয়াকে। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে।

অন্যদিকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি। আইস্ক্রিনের জন্য নির্মিত এই সিনেমাটির মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এ ছাড়া বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। এই সিনেমায় দর্শক তাকে ভিন্ন এক রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন ফারিয়া।

সব মিলিয়ে নতুন ইউটিউব চ্যানেল, গান প্রকাশের পরিকল্পনা এবং একাধিক সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ—সবকিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট