সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম
নন্দিত টিভি
মিরপুর-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মিরপুর-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

watermark
nonditotvnews

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিকে কেন্দ্র করে আশুলিয়া ও মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ব্যবহারের ঘটনা ঘটেছে। অন্যদিকে গাজীপুরে মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ১০টার পর আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত কারখানার সামনে জড়ো হন। পরে তাঁরা হামীম কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। তাঁদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকাসহ আশপাশের শিল্পকারখানাগুলো কর্তৃপক্ষ আবারও বন্ধ ঘোষণা করেছে।

শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে একযোগে শ্রমিক বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুনফটোকার্ডই-পেপার ব্রডশিট