ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আইআইইআরের অধীনে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার্স ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। এ ছাড়া ছয় মাস মেয়াদি সার্টিফিকেট ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ও সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেও আবেদন করা যাবে।
ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তির জন্য স্নাতক বা সমমান পাস হতে হবে। মাস্টার্স ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক (সম্মান) পাস অথবা পাস কোর্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্স সম্পন্ন থাকতে হবে।
ডিপ্লোমা ইন অ্যারাবিক ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ফাজিল, স্নাতক বা সমমান পাস এবং সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ডিপ্লোমা ও মাস্টার্স ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা, ডিপ্লোমা ইন অ্যারাবিক ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আবেদন ফি ১ হাজার টাকা এবং সার্টিফিকেট কোর্সে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোর্স ফি যথাক্রমে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমায় ৩৫ হাজার টাকা, মাস্টার্সে ৩০ হাজার টাকা, ডিপ্লোমা ভাষা কোর্সে ৬ হাজার টাকা এবং সার্টিফিকেট ভাষা কোর্সে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা আইআইইআরের ওয়েবসাইট (https://iieriubd.org/downloads) থেকে ভর্তি নির্দেশিকা ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন সংশ্লিষ্ট ফি-সমূহ অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অনলাইন হিসাব নম্বর 0200011408535-এ জমা দেওয়া যাবে। এ ছাড়া আইআইইআর কার্যালয়ে সরাসরি জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

