দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খাঁনকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
রোববার (১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। ডা. ইরান বলেন, প্রকাশ্যে একটি পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। একই সঙ্গে সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ মানসিকতাও এতে প্রকাশ পেয়েছে। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, রাশেদ খাঁনের দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। দেশজুড়ে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ মনোভাবের প্রকাশ এটি। এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। ডা. ইরান আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয় পেয়ে রাশেদ খাঁন বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত না করে তাঁদের কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়া হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি হবে। দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার গুরুত্ব তুলে ধরে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, এটি নিছক একটি সংবাদপত্র নয়; আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, মজলুম ও স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তিনি বলেন, কোনো সংবাদপত্রের বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে। পত্রিকা ছিঁড়ে ফেলা কোনোভাবেই মতের বিরোধিতা প্রকাশের গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। বিবৃতিতে ডা. ইরান দাবি করেন, রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে, তিনি চাটুকার, তেলবাজ ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা নন; বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।