কুষ্টিয়ায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনটির কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের কুষ্টিয়া শহর শাখার উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কামরুল হাসান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালিদ হাসান ও কুষ্টিয়া শহর শাখার সাবেক পরিচালক শাহাবুল আলম কিরণ।
শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক অগ্রপথিক আব্দুর রহমান জায়েদ ও ইসমাইল হোসাইন।
জানা যায়, এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতার চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়াসেই আমাদের এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামরুল হাসান বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ গঠনে দীর্ঘ ৫২ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ফুলকুঁড়ি আসর। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি অসংখ্য মেধাবী ও যোগ্য নাগরিক গড়ে তুলেছে, যারা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখছেন।