শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০১ পিএম
নন্দিত টিভি
মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতার শোক

মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতার শোক

watermark
Jewel Hossain

বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. আব্দুল মোতালেবসহ জেলা বিএনপি ও ওলামা দলের নেতৃবৃন্দ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে বরগুনা শহরের কলেজ রোডে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। একই দিন বাদ জোহর বরগুনার আবুল হোসেন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে বরগুনার ধর্মীয় ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক ছেলে ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থী ও আলেম গড়ে তোলায় তিনি তাঁদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে বরগুনার ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোক প্রকাশকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বরগুনা জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. আব্দুল মোতালেব, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার, সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বরগুনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ওলামা দল নেতা মাওলানা মো. জসিম উদ্দিন, মাওলানা মো. শাহজালাল রুমি, মাওলানা মো. এবি ফারুক ও মাওলানা মো. আলতাফ হোসেন, মাওলানা মো. আবু হানিফসহ জেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট