হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশের একটি অভিনব ও বিতর্কিত নিয়ম চালু করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডলের নির্দেশে প্রায় এক সপ্তাহ ধরে এই নিয়ম কার্যকর রয়েছে। তবে সাধারণ সেবাগ্রহীতাদের জন্য কড়াকড়ি থাকলেও প্রভাবশালী কয়েকজনকে জুতা না খুলেই অফিসে প্রবেশ করতে দেখা গেছে—এমন অভিযোগ উঠেছে। এতে কার্যালয়টিতে বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টির পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জুতা বাইরে রেখে কার্যালয়ে প্রবেশ করতে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষকে। এ বিষয়ে জানতে চাইলে কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস বলেন, “শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও স্যার জানেন। সবার ভালোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তবে এই নিয়মের কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও নিয়মের খাঁচায় পড়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে অনেককে। সেবা নিতে আসা নাজমা বেগম নামে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের অদ্ভুত নিয়ম কোথাও দেখিনি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও আমাকে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়েছে।”
এদিকে অফিসে কেউ জুতা খুলে এবং কেউ জুতা না খুলে প্রবেশ করায় একদিকে যেমন বৈষম্য তৈরি হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল। জুতা খোলার নির্দিষ্ট বা স্বাস্থ্যসম্মত কোনো ব্যবস্থা না থাকায় বিভিন্ন সংক্রামক রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি রয়েছে বলে মনে করছেন তারা। স্থানীয়দের মতে, এ ধরনের নিয়ম যদি থেকেই থাকে, তবে তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত; বিশেষ করে শারীরিক সমস্যাযুক্ত সেবাগ্রহীতাদের বিষয়টি মানবিক বিবেচনায় রাখা জরুরি।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনা শুরু হয়েছে। উপজেলা বিএনপি নেতা মির্জা ইকরাম বলেন, “সরকারি অফিসে জুতা খুলে প্রবেশের বিষয়টি এক প্রকার আজগুবি। কর্তৃপক্ষের এ বিষয়ে কার্যকর ও যুক্তিসংগত পদক্ষেপ নেওয়া উচিত।”
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল জানান, জুতা রাখার জন্য খুব শীঘ্রই বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে এবং এতে কোনো নিয়ম বা বিধি ভঙ্গ করা হয়নি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সংবাদ প্রকাশ করা যেতে পারে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।