শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:০৩ পিএম
নন্দিত টিভি
মালিকের অপেক্ষায় ৮ বছর হাসপাতালের দরজায় মোরগ, নাম ‘ডক্টর ককরেল’

মালিকের অপেক্ষায় ৮ বছর হাসপাতালের দরজায় মোরগ, নাম ‘ডক্টর ককরেল’

watermark
nonditotvnews

মালিক আর কখনো ফিরে আসবেন না—তবু হাসপাতালের দরজা ছেড়ে যায়নি মার্টিন। এক-দুই বছর নয়, টানা আট বছর ধরে বলিভিয়ার একটি ক্যানসার হাসপাতালের সামনে অবস্থান করছে এই মোরগ। স্থানীয় মানুষের কাছে সে এখন শুধু একটি পাখি নয়, ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক। অনেকে তার সঙ্গে তুলনা করছেন জাপানের বিখ্যাত কুকুর হাচিকোর।

বলিভিয়ার সান্তা ক্রুজ দে লা সিয়েরা শহরের ইস্টার্ন বলিভিয়ান অনকোলজিক্যাল ইনস্টিটিউটের সামনে দেখা মেলে মার্টিনের। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় আট বছর আগে এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে ছিল মোরগটি। নারীটি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর আর ফিরে আসেননি। পরে তাঁর মৃত্যু হয়। কিন্তু হাসপাতালের বাইরে অপেক্ষায় থেকে যায় মার্টিন।

স্থানীয় ব্যবসায়ী হুয়ান ম্যানুয়েল ক্লারোস জানান, ওই নারী হাসপাতালে আসার পর থেকেই মার্টিনকে সেখানে দেখা যায়। নারীটি ভর্তি হওয়ার পর আর বেরিয়ে আসেননি। এরপর থেকে মোরগটি হাসপাতালের আশপাশকেই নিজের ঠিকানা বানিয়ে নেয়।

মার্টিনের এই দীর্ঘদিনের অবস্থান স্থানীয়দের মনে করিয়ে দেয় জাপানের হাচিকোর গল্প। মালিকের মৃত্যুর পরও বছরের পর বছর রেলস্টেশনে অপেক্ষা করেছিল হাচিকো। তবে মার্টিন ঠিক কী কারণে হাসপাতাল ছাড়ছে না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবু তার উপস্থিতি স্থানীয় মানুষের কাছে পেয়েছে বিশেষ অর্থ।

হাসপাতালের কর্মী মারিয়া দেল কারমেন গামোন বলেন, মার্টিনকে সবাই খুব আদর করেন। সে হাসপাতালের আশপাশে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তবে সহজে কাউকে তার কাছে যেতে বা ধরতে দেয় না। খাবারের ব্যাপারেও সে বেশ বাছবিচার করে।

মারিয়া জানান, একবার এক ব্যক্তি নিজেকে মার্টিনের মালিক দাবি করে তাকে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু হাসপাতালের কর্মী ও স্থানীয়রা একসঙ্গে বাধা দেন। তাঁদের কাছে মার্টিন এখন পরিবারের সদস্যের মতো।

স্থানীয় ব্যবসায়ী মারিয়া রদ্রিগেজ বলেন, মার্টিন এখন আর শুধু হাসপাতালের সামনে ঘুরে বেড়ানো একটি মোরগ নয়; সে পুরো এলাকার প্রিয় পোষা প্রাণী। অনেকে তাকে ভালোবেসে ‘ডক্টর ককরেল’ বলেও ডাকেন।

মার্টিনকে ঘিরে তৈরি হয়েছে মানুষের মধ্যে এক ধরনের আন্তরিকতাও। হাসপাতালের কর্মী গামোনের ভাষ্য, তার উপস্থিতি মানুষকে আনন্দ দেয়। এমনকি কিছু দর্শনার্থী নিজেদের পোষা প্রাণীও হাসপাতালে নিয়ে আসেন, যাতে ভেতরে থাকা রোগীরা বাইরে থেকে তাদের দেখতে পারেন।

মার্টিনের প্রতি মানুষের এই ভালোবাসা এখন স্মরণীয় করে রাখার কথাও উঠেছে। স্থানীয় ব্যবসায়ী মারিয়া রদ্রিগেজের ইচ্ছা, হাসপাতালের সামনে মার্টিনের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক। এতে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে তার গল্প।

আট বছর পেরিয়ে গেলেও হাসপাতালের দরজার আশপাশেই রয়েছে মার্টিন। তার আচরণের পেছনের কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও, স্থানীয় মানুষের ভালোবাসায় সে হয়ে উঠেছে বিশ্বস্ততা, মমতা আর নিঃশর্ত ভালোবাসার এক অনন্য প্রতীক।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট