শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:২০ পিএম
নন্দিত টিভি
নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

watermark
Jewel Hossain

ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রংগার টুগেদার ফর অ্যা হেলদিয়ার টুমরো’।

চীফ হুইপ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দক্ষ, সুস্থ ও স্বাবলম্বী মানবসম্পদে পরিণত করতে কাজ করছেন। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী হওয়ায় তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

তিনি বলেন, ব্রেস্ট ক্যানসার ও সার্ভাইক্যাল ক্যানসার নারীদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ বিষয়ে নারী শিক্ষার্থী ও তরুণীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য, রোগের প্রাথমিক লক্ষণ এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সামাজিক ট্যাবু, সংকোচ ও ভুল ধারণা দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ব্রেস্ট ক্যানসারসহ নারীদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালুর ওপর গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা পেলে তা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানান চীফ হুইপ।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সুযোগ ও সফলতার সম্ভাবনা বাড়ে। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করে সহজবোধ্য ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য প্রচারের আহ্বান জানিয়ে চীফ হুইপ বলেন, একজন মা সুস্থ থাকলে একটি পরিবার সুস্থ থাকে, সুস্থ থাকে সমাজও। তাই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নারী এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা নারীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সমাজের সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন। বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় ব্রেস্ট ক্যানসারের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসাপদ্ধতি এবং রোগীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট