লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৬৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে, ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী ও সিংগীমারী বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ২টা ৪০ মিনিটে পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে।
অন্যদিকে, ভোর ৫টা ২০ মিনিটে সিংগীমারী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।