ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের গোপনে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত—এমনই চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, শুধু সহায়তাই নয়, সৌদি সমর্থিত বাহিনীর অবস্থান ও লক্ষ্যবস্তু শনাক্ত করতে হুথিদের গোয়েন্দা তথ্যও সরবরাহ করছে আমিরাত। চারটি সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি আবুধাবি। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ঘনিষ্ঠ ইয়েমেনি বাহিনীর কিছু সদস্য হুথিদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে। দুটি সূত্রের দাবি, আমিরাত সরাসরি হুথিদের কাছে গোয়েন্দা তথ্য পাঠিয়েছে। এমনকি হুথিদের সঙ্গে আমিরাতপন্থি সামরিক কমান্ডারদের যোগাযোগের পৃথক চ্যানেলও রয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন সহযোগিতার অভিযোগ সত্য হলে ইয়েমেনের সংঘাতে আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্ক ও কৌশলগত হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ হতে পারে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে আমিরাতের স্বার্থের টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে সৌদি আরবে হুথিদের হামলা এবং ইয়েমেনের অভ্যন্তরে সংঘর্ষ বাড়ার খবর পাওয়া যাচ্ছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রধান বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব ঘটনার প্রভাব পড়েছে আঞ্চলিক কূটনীতিতেও। অন্যদিকে ইয়েমেনের সরকারি কর্মকর্তারা তাইজ শহরে হুথিদের অবরোধ ও আবাসিক এলাকায় হামলার অভিযোগ তুলে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। পরিস্থিতি নিয়ে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে কায়রো। আর ইরান সংলাপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে, ইয়েমেন সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক সমীকরণ আরও জটিল হয়ে উঠছে।