শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ০১:৫২ পিএম
নন্দিত টিভি
প্রধানমন্ত্রীর ফ্লাইটের ত্রুটি তদন্তে কমিটি

প্রধানমন্ত্রীর ফ্লাইটের ত্রুটি তদন্তে কমিটি

watermark
nonditotvnews

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরের স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিংকে। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন এবং ডেপুটি চিফ, ফ্লাইট সেফটি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক, আইনবিষয়ক। তদন্ত কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটনের পাশাপাশি উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করতে বলা হয়েছে। এ ছাড়া ত্রুটির কারণে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা-ও নিরূপণ করবে কমিটি। এর আগে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ ঘটনায় ত্রুটির কারণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট পদক্ষেপ পর্যালোচনায় তদন্ত শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এখন তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট