বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম
নন্দিত টিভি
কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

watermark
Jewel Hossain

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের এসআই মো. মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে চাপা দিয়ে হত্যার ঘটনায় ঘাতক পিকআপ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পিকআপের চালক মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় রাত্রীকালীন রণপাহারা ডিউটি শেষে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিল পুলিশের একটি দল। পথে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলার জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামানো হয়।
এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের সদস্যদের ও রফিকুল ইসলাম মোল্লাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। এ সময় পিকআপের ধাক্কায় পুলিশের আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। গত ২৫ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ২৬। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় রুজু করা হয়েছে।
ঘটনার পর ঘাতক পিকআপ শনাক্ত ও চালক-হেলপারকে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে কালীগঞ্জ থানা-পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ নম্বরের পিকআপ ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়।
এ সময় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি পিকআপটির চালক হিসেবে মো. মাজহারুল ইসলামের নাম জানান।
পুলিশ জানিয়েছে, পিকআপের চালককে গ্রেপ্তারের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট