বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫০ পিএম
নন্দিত টিভি
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরে ইবিতে র‍্যালি

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরে ইবিতে র‍্যালি

watermark
Jewel Hossain

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সমাপ্ত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ফেজ ভাইরাসের গঠন, কার্যকারিতা ও উপকারিতা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

জানা যায়, ‘ফ্রম এএমআর চ্যালেঞ্জেস টু প্রিসিশন অ্যান্টিমাইক্রোবিয়াল সলিউশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগস’-এর ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বিকল্প ও সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি হিসেবে ব্যাকটেরিওফেজ বা ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এবং ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, ২০২০ সাল থেকে প্রতিবছর ২২ থেকে ২৮ অক্টোবর বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ পালিত হচ্ছে। এবারের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও সপ্তাহটি পালনের সংস্কৃতি শুরু হলো। এই উদযাপন অব্যাহত থাকুক এবং এএমআর মোকাবিলায় দেশে ব্যাকটেরিওফেজ গবেষণা আরও এগিয়ে যাক, এটাই কামনা করি।

‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস বলেন, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রচলিত ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। এসব অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগ’ বর্তমানে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম ব্যাকটেরিওফেজ ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানে সম্ভাবনাময় ও সুনির্দিষ্ট সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’ অ্যান্টিবায়োটিকের যুগোপযোগী বিকল্প খুঁজতে আধুনিক গবেষণা চালিয়ে যাচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আধুনিক বিশ্বে ভাইরাস শনাক্তকরণসহ বিজ্ঞান, প্রযুক্তি এবং মেডিকেল সায়েন্সের নিত্যনতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই। মানবজীবনে এসব প্রযুক্তির সঠিক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের গবেষণামুখী হতে এবং নতুন উদ্ভাবনে উৎসাহিত করে মানবকল্যাণকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ডিসিপ্লিনের সঙ্গে জড়িত শিক্ষক ও গবেষকদের নিরলস গবেষণা ও অধ্যবসায় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) একটি সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট