শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় শিক্ষক সহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ওই শিক্ষকের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাসুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় বালাসুর নতুন বাজার বিসমিল্লাহ হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ সেলিম খানের সাথে একই এলাকার সালাম বেপারী ও নূরজামাল বেপারীর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে সেলিম খান স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে সালাম বেপারী, নূরজামাল বেপারী, সুমন বেপারী, হযরত ব্যাপারীসহ ৭/৮ জন বহিরাগত সন্ত্রাসী সেলিম খানের মাথা ফাটিয়ে দেয় ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে তার স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এদিকে সন্ধ্যার পর সন্ত্রাসীরা পুনরায় শিক্ষক সেলিম খানের বাড়িতে হামলা কারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় সেলিম খানের মা সইয়াদা বেগম (৫৮) ও তার ভাবি সাদিয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়। শিক্ষক সেলিম খান জানান, সন্ত্রাসীরা প্রথম দফায় আমার মাথা ফাটিয়ে দেয় ও পিটিয়ে গুরুতর আহত করে। সন্ধ্যার পরে দ্বিতীয় দফায় আমার বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা আমার মা ও আমার ভাবিকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে শ্রীনগর থানায় আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছি।
শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন