মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে কথা বলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় নিয়ে মতবিনিময় করেন তারা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।
এরপর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা পরিস্থিতি কিছুটা শান্ত করার ইঙ্গিত দেয়।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির পরপরই ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, যুদ্ধ শুরুর পর এই প্রথমবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ হলো।
তারা মনে করছেন, এই যোগাযোগ ভবিষ্যতে বৃহত্তর আঞ্চলিক সমঝোতার পথ তৈরি করতে পারে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন