বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার (২৯ মার্চ) সদর থানাধীন ঢলুয়া কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ বরগুনা-পরিরখাল সড়কের হাজি বাড়ির সামনে অভিযান চালিয়ে রিয়াজুল ইসলামকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।
মন্তব্য করুন